নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় নারী সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আলেয়া আক্তার অভিযোগ করে জানান, তাদের বাড়ি গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায়। তার ভাই ওই এলাকায় একটি জায়গা ভাড়া নিয়ে গ্যারেজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
ওই গ্যারেজের সামনে স্থানীয় সন্ত্রাসী রকি, মিজান, এছহাক, রিফাত, পারভেজ, ইকবালসহ তাদের লোকজন এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এর প্রতিবাদ করাকে কেন্দ্র করে ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী শনিবার রাত নয়টার দিকে আলেয়া আক্তারের ভাই শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা শাহাদাত হোসেন আকাশ, প্রতিবেশী সামিউল, রফিক মিয়া ও আলে আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ সময় হামলাকারীরা গ্যারেজেও বসত বাড়িতে থাকা অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, ব্যাটারিসহ মালামাল লুট করে নিয়ে যায়। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইন নানুণ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply